এসি ভলভো বাস-এসি ট্রাম-লঞ্চে করে পুজো পরিক্রমা, বিশেষ উদ্যোগ WBTC-র, ভাড়া কত?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আর এক মাসও বাকি নেই পুজোর। অনেকেই পুজোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন। কবে কোথায় ঘুরতে যাবেন, কোনদিকে কবে হবে পুজো পরিক্রমা (WBTC), তা নিয়ে চলছে প্ল্যানিং। তবে এবার রাজ্য সরকারের তরফেও পুজো দেখার বিশেষ সুযোগ করে দেওয়া হচ্ছে। এসি বাস থেকে এসি ট্রাম, এমনকি গঙ্গার বুকে লঞ্চে ভ্রমণ করতে করতেও করা যাবে পুজো পরিক্রমা। দুর্গাপুজো পরিক্রমা ২০২৬ এর এই বিশেষ পরিষেবা দিতে চলেছে WBTC।

সরকারের (WBTC) বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ

বনেদি বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো- পুজো পরিক্রমার সম্পূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে যেমন রয়েছে বনেদি বাড়ির পুজো, তেমনই রয়েছে বারোয়ারি পুজো। ভলভো এসি বাসে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু জনপ্রিয় বনেদি বাড়ির পুজো ঘুরিয়ে দেখানো হবে। এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে শুরু হবে যাত্রা। রিপোর্টিং টাইম সকাল সাড়ে ৭ টা। বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, শিবপুরের রায়/চৌধুরী বাড়ির আটচালা পুজো ও সাবর্ণ রায়চৌধুরীদের মেজো বাড়ির পুজো ঘুরিয়ে দেখানো হবে।

WBTC pujo porikroma package

কোন কোন পুজো পরিক্রমা: ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর হবে এই পুজো পরিক্রমা। পার হেড খরচ পড়বে ২৪০০ টাকা। ৫-১০ বছর বয়সী শিশুদের জন্য ভাড়া ১৮৫০ টাকা। ৫ বছরের কম বয়সী শিশু যেতে পারবে বিনামূল্যে। বারাসতের কলোনি মোড় থেকেও এসি ভলভো বাসে কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো ঘুরিয়ে দেখানো হবে। মানিকতলার ঘোষ ও সাহা পরিবার, কুমোরটুলির সেন পরিবার, শোভাবাজার রাজা রাজকৃষ্ণ দেবের পুজো, বড় রাজবাড়ি, চোরবাগানের একাধিক বনেদি বাড়ি, জোড়াসাঁকোর দাঁ বাড়ি, জানবাজার চৌধুরী বাড়ি, রানী রাসমণির বাড়ি, ঠনঠনিয়া ঘোষ ও সাহা পরিবারের পুজো দেখানো হবে এই প্যাকেজে। ১৭, ১৮ ও ২০ অক্টোবর হবে এই পরিক্রমা। মাথাপিছু ভাড়া ২৫০০ টাকা। ৫-১০ বয়সী শিশুদের জন্য ভাড়া ১৯০০ টাকা (WBTC)।

আরও পড়ুন : নজির ভেঙে প্রথমবার রবিবার খোলা থাকছে ব্যাঙ্ক, কী কী পরিষেবা মিলবে?

রয়েছে বারোয়ারি পুজোও: বেশ কিছু জনপ্রিয় বারোয়ারি পুজো যেমন একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালী, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন এবং বাগবাজার পল্লীর মতো পুজোর প্যাকেজও রয়েছে WBTC-র। এর জন্য ভাড়া এসপ্ল্যানেড থেকে ২৪০০ টাকা এবং বারাসাত থেকে ২৫০০ টাকা। এই পরিক্রমা হবে ১৭, ১৮ ও ২০ অক্টোবর। চাইলে তুলনামূলক কম খরচে সিএনজি এসি বাসেও ঘুরতে পারেন। বাস ছাড়বে হাওড়া সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, ডানলপ মোড় ও ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বাস ছাড়বে সকাল ৮ টায়। অন্য চার জায়গা থেকে সকাল ৯ টা ১৫ তে। ১৭, ১৮, ২০ অক্টোবর মিলবে পরিষেবা। হাওড়া-টালিগঞ্জ থেকে ভাড়া ১০০০ টাকা। অন্যদিকে ডানলপ ও ব্যারাকপুর থেকে ১১০০ টাকা।

আরও পড়ুন : পুজোর আগে বড় উপহার, হোমগার্ডদের ভাতা বৃদ্ধির ঘোষণা, কত টাকা বাড়ছে?

এছাড়া এসি ট্রামে সপ্তমী থেকে দশমী ৮০০ টাকায় এবং লঞ্চে করেও ৮০০ টাকায় পুজো পরিক্রমার ব্যবস্থা থাকছে। কলকাতার বাইরে ধান্যকুড়িয়া-আড়বেলিয়া, জয়রামবাটী-কামারপুকুর যাওয়ার ব্যবস্থা রয়েছে WBTC-র। দশমীতে গঙ্গায় বিসর্জন দেখার জন্যও থাকছে বিশেষ লঞ্চ পরিষেবা। WBTC-র বিভিন্ন কাউন্টার থেকে টিকিট বুকিং করা যাবে। এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস, বেহালা ১৪ নম্বর টার্মিনাস, কাঁকুড়গাছি S3A বাস স্ট্যান্ড, হাওড়া সিটিসি বুকিং কাউন্টার, যাদবপুর ৮বি বাস টার্মিনাস, শ্যামবাজার ট্রাম ডিপো, গড়িয়া ৬ নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, বারাসাত চাপাডালি তিতুমীর বাসস্ট্যান্ড, ব্যারাকপুর লালকুঠি সিটিসি কাউন্টার, পরিবহণ ভবন, ১২ আর এন মুখার্জি রোড কাউন্টার থেকে বুক করা যাবে টিকিট।