বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)! সম্প্রতি এমন গুজবই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বিশ্বজুড়েই। তবে আদৌ সেই খবর সত্যি নাকি সম্পূর্ণ ভুয়ো তা নিয়েই মুখ খুলল প্রধানমন্ত্রীর দপ্তর। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দেওয়া হয়। তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ ও নিরাপদেই রয়েছেন এবং তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। এই গুজব ছড়িয়ে পড়ার পরেই দ্রুত তা খারিজ করা হয়।
নেতানিয়াহুর (Benjamin Netanyahu) মৃত্যু নিয়ে কী বলল ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর?
এদিন এই বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছিল তুরস্কভিত্তিক সংবাদমাধ্যমের এক সাংবাদিকের তরফ থেকে। তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চান, নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে বলে সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, সে বিষয়ে সরকারের কোনও প্রতিক্রিয়া রয়েছে কি না। জবাবে দপ্তর জানায়, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং প্রধানমন্ত্রী স্বাভাবিক ভাবেই তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: পুলিশের চাকরি সামলে UPSC-র প্রস্তুতি! ষষ্ঠ চেষ্টায় পেলেন সাফল্য, IAS হয়ে স্বপ্নপূরণ অপূর্বার
আসলে এই জল্পনার সূত্রপাত হয় একটি ভিডিওকে ঘিরে। সম্প্রতি নেতানিয়াহু নিজের অ্যাকাউন্টে X-এ একটি সাংবাদিক বৈঠকের ভিডিও পোস্ট করেছিলেন। সেই বৈঠকে তিনি আমেরিকা, ইজরায়েল ও ইরানের চলমান উত্তেজনা নিয়ে বক্তব্য রাখছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করতে শুরু করেন যে ভিডিওটি আসল নয় এবং সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ভিডিওটির প্রায় ৩৫ সেকেন্ডের একটি অংশ বিশেষভাবে বিতর্ক তৈরি করে। ওই অংশে নেতানিয়াহু হাত তুললে তাঁর ডান হাতে নাকি ছয়টি আঙুল দেখা যাচ্ছে— এমন দাবি করেন কিছু জন। তাঁদের মতে, এটি ‘AI ফিঙ্গার গ্লিচ’-এর উদাহরণ হতে পারে, যা অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিওতে দেখা যায়। সেই দাবি থেকেই ধীরে ধীরে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে নানা ধরনের গুজব ছড়াতে শুরু করে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জের! পেট্রল-ডিজ়েল নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের, দাম বাড়বে কি?
তবে পরে এই দাবির ফ্যাক্ট-চেক করে এক্স প্ল্যাটফর্মের AI চ্যাটবট Grok। তাদের বিশ্লেষণ অনুযায়ী, নেতানিয়াহুর হাতে অতিরিক্ত কোনও আঙুল নেই। ভিডিওর যে অংশটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, তা আসলে আলোর ছায়া, হাতের কোণ বা হাতের স্বাভাবিক গঠনের কারণে তৈরি হওয়া একটি অপটিক্যাল ইলিউশন। ফলে বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য যাচাই না করে বিশ্বাস করা কতটা বিভ্রান্তিকর হতে পারে।












