বাংলাহান্ট ডেস্ক : বড়সড় পরিবর্তন হতে চলেছে শহরের (Kolkata) রাস্তার। ভোল বদলাতে চলেছে রুবির মোড় (Ruby Crossing)। ইএম বাইপাস এবং রাসবিহারী কানেক্টরের সংযোগস্থলে তৈরি হতে চলেছে স্কাইওয়াক। লালবাজারের ট্রাফিক বিভাগের তরফে মিলেছে ছাড়পত্রও। অন্যদিকে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ।
রুবির মোড়ে (Kolkata) স্কাইওয়াক তৈরির অনুমোদন
বছর তিন আগে রুবি মোড়ে স্কাইওয়াক তৈরির উদ্যোগ নেয় কেএমডিএ। কিন্তু সেসময় মেট্রো লাইনের নির্মাণকাজ হওয়ায় এবং ওই এলাকায় যানজটের সৃষ্টি হওয়ায় পিছিয়ে যায় প্রকল্পের কাজ। তবে এবার অবশেষে পাওয়া গিয়েছে অনুমোদন। সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় লালবাজারে। সেখানেই কেএমডিএ এবং রেল কর্তাদের উপস্থিতিতে চূড়ান্ত হয় স্কাইওয়াক তৈরির বিষয়টি।

কেমন হবে স্কাইওয়াক: জানা যাচ্ছে, সরাসরি রুবি মেট্রো স্টেশনকে সংযুক্ত করবে এই স্কাইওয়াকটি। গোলাকার স্কাইওয়াকটিতে থাকছে চারটি ব়্যাম্প, চলমান সিঁড়ি, লিফটের ব্যবস্থাও। প্রায় ৫০ কোটি টাকা খরচে এই স্কাইওয়াক তৈরি হবে বলে জানা গিয়েছে। রুবির মোড় শহরের (Kolkata) অন্যতম ব্যস্ত একটি ক্রসিং। উপরন্তু রুবি মেট্রো স্টেশন চালু হওয়ার পর আরও বেড়েছে ভিড়। প্রতিদিন বহু মানুষের যাতায়াত এই মেট্রো স্টেশনে।
আরও পড়ুন : সিগন্যালিংয়ে বিভ্রাট, দিনের শুরুতেই ফের মেট্রো থমকে গেল ব্লু লাইনে
যানজট কমার সম্ভাবনা: এদিকে অফিস টাইমে প্রায় প্রতিদিনই এখানে যানজটের সৃষ্টি হয়। পথচারীদের রাস্তা পার হতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। পাশাপাশি থাকে দুর্ঘটনার ঝুঁকিও। মেট্রো স্টেশনেরও সব গেট উত্তরমুখী। বাধ্য হয়ে রাস্তা পেরোতে হয় অন্য লেনে যেতে হলে।
আরও পড়ুন : সুদ সমেত ফেরত দিতে হবে বেতন, প্রক্রিয়া শুরু হতে কত টাকা দিতে হবে দাগিদের?
এমতাবস্থায় স্কাইওয়াক তৈরি হলে রুবির মোড়ে যানজট অনেকটা কমবে বলেই মত প্রশাসনিক কর্তাদের। সেই সঙ্গে রাস্তা পারাপারে সুবিধা হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।












