বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোতে (Kolkata Metro) বিভ্রাট যেন এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বুধবার ফের দিনের শুরুতেই গণ্ডগোল দেখা দিল মেট্রো পরিষেবায়। সমস্যার কেন্দ্রে সেই ব্লু লাইন। সবথেকে পুরনো তথা সবথেকে ব্যস্ত এই লাইনেই প্রায় মেট্রোর সমস্যা দেখা দেয়। এদিনও দক্ষিণেশ্বর থেকে বরানগর স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দিনের শুরুতেই কর্মব্যস্ত সময়ে এমন বিভ্রাটে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের।
বুধবার ফের সমস্যা দেখা দিল ব্লু লাইনে (Kolkata Metro)
কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটটি হল সবথেকে পুরনো। একই সঙ্গে এই লাইনেই সবথেকে বেশি থাকে যাত্রীদের ভিড়। বুধবার সকালে আবারও সমস্যা দেখা দিল ব্লু লাইনে। প্রাথমিক ভাবে খবর, সিগন্যাল বিভ্রাটের জন্যই সমস্যা দেখা দেয় পরিষেবায়।

বন্ধ হয়ে যায় পরিষেবা: জানা গিয়েছে, এদিন সকাল ৮ টা ১৫ নাগাদ সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। ফলত দক্ষিণেশ্বর থেকে বরানগর স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে বহু যাত্রীই কার্যত আতান্তরে পড়েন। স্কুল, অফিসযাত্রীরা শেষমেষ অনেকে ভিন্ন উপায়ে পৌঁছানোর চেষ্টা করেন গন্তব্যে। যদিও সিগন্যাল ব্যবস্থায় সমস্যা ঠিক করতে দ্রুত শুরু হয় কাজ। বেশ কিছু সময় পর আবার স্বাভাবিক হয় পরিষেবা।
আগেও দেখা দিয়েছে সমস্যা: উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে একাধিক বার সমস্যা দেখা দিল মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে। কিছুদিন আগেও মেট্রোয় আত্মহত্যার চেষ্টার কারণে পরিষেবায় বিভ্রাট দেখা দেয়। রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে রাতে এক যাত্রী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেট্রো থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। লাইনে আত্মহত্যার চেষ্টার কারণে রবীন্দ্রসদন থেকে মেট্রো (Kolkata Metro) শহিদ ক্ষুদিরাম বা দক্ষিণেশ্বরের দিকে যাবে না বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন : নির্বাচনের আগেই উদ্বোধন ঘাটাল মাস্টার প্ল্যানের? সিঙ্গুরের হাইভোল্টেজ সভায় নজর রাজনৈতিক মহলের
সেদিনও ফিরতি পথে বড়সড় সমস্যায় পড়তে হয়েছিল যাত্রীদের। বারংবার মেট্রোয় সমস্যার জেরে যাত্রীদের মধ্যেও দানা বাঁধছে ক্ষোভ। তবে কবে এই সমস্যা চিরতরে মিটবে তা বলতে পারছে না কর্তৃপক্ষও।












