বাংলা হান্ট ডেস্কঃ ঝড়-বৃষ্টির পালা চুকতেই হু হু করে বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার অবদি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ৪০ কোথাও কোথাও ৪২ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। এদিকে আবার দুয়ারে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সবমিলিয়ে ভোট ও গরম এই দুইয়ের মিলিত প্রভাবে কি রাজ্যের স্কুলগুলিতে এবার এগিয়ে আসছে গরমের ছুটি (Summer Vacation)?
গরমের ছুটি নিয়ে জল্পনা | Summer Vacation
রাজ্যের স্কুলগুলিতে কি এবারে নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি পড়ে যাবে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন। তাপমাত্রা লাগামছাড়া বাড়তে থাকলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অফিসিয়াল ছুটির তালিকায় মে মাসে মাত্র ৬ দিনের ছুটির উল্লেখ থাকলেও সম্প্রতি এই সংক্রান্ত বেশ কিছু বিজ্ঞপ্তি সামনে এসেছে। প্রথমত রাজ্য শিক্ষা দপ্তরের ‘সামার প্রজেক্ট’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে রাজ্য স্তরে এবং ২১ এপ্রিলের মধ্যে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের ওরিয়েন্টেশন প্রক্রিয়া শেষ করে দিতে হবে।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই প্রজেক্টের মনিটরিং করতে হবে ‘সামার ব্রেক’ বা গ্রীষ্মাবকাশ চলাকালীন। এক্ষেত্রে যেহেতু ২১ এপ্রিল ওরিয়েন্টেশন শেষ হচ্ছে, ২২ এপ্রিল থেকেই ছুটি শুরু হয়ে যেতে পারে, এমন জল্পনা শুরু হয়েছে। কারণ চলতি মাসেই বিধানসভা নির্বাচন। প্রথম ও দ্বিতীয় দফার ভোট যথাক্রমে ২৩ এবং ২৯ এপ্রিল।
নির্বাচনের নিয়ম বলছে, পোলিং বুথের জন্য ২২ এপ্রিল থেকেই অধিকাংশ স্কুল ভবন প্রশাসন অধিগ্রহণ করবে। এছাড়া একটা বিরাট অংশের শিক্ষক-শিক্ষিকা ভোটের ডিউটিতে নিযুক্ত থাকবেন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে স্কুল চালানো অসম্ভব।

আরও পড়ুন: কড়কড়ে ১৫০০ টাকা তো পাচ্ছেন, আর কতদিন মিলবে নিয়ে বেকারভাতা? জানালেন মমতা
এদিকে শিক্ষক সংগঠনগুলি পর্ষদ প্রকাশিত ‘মডেল’ ছুটির তালিকায় ১১- ১৬ মে পর্যন্ত মাত্র ৬ দিন গরমের ছুটি নিয়েও প্রশ্ন তুলছে। ৬৫ দিনের কথা মাথায় রেখে গরমের ছুটি কমিয়ে ৬ দিন করা হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া, তাপপ্রবাহের পরিস্থিতি বিচার করে তা কার্যত সম্ভব নয় বলেই তারা মনে করছেন। সবদিক বিবেচনা করে নবান্ন খুব শীঘ্রই ২২ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এই নিয়ে স্পষ্ট কোনো আপডেট এখনও সামনে আসেনি। এলে প্রতিবেদনে যুক্ত করা হবে।













