বাংলাহান্ট ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনে (West Bengal Election) ভোট গণনার মাধ্যমে উৎসবের আজ শেষ পর্যায়। ২৯৩টি আসনে ভোট গণনা ঘিরে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। এই আবহেই পোস্ট পোল হিংসা রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
গণনার আবহেই ভোট (West Bengal Election) পরবর্তী হিংসা রুখতে কড়া বার্তা CEO-র!
নিজের দফতর থেকে তিনি জানান, এ বারের ভোটগণনার প্রস্তুতি সম্পূর্ণ সুষ্ঠু ভাবে করা হয়েছে। রাজ্য জুড়ে মোট ৪৫৮টি গণনাকেন্দ্রে চলছে ভোটগণনা এবং প্রতিটি কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না ঘটে এবং গণনা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।
আরও পড়ুন: জিতলে বাবরি মসজিদ বানাব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার জয়ের আভাস পেয়ে কী বললেন হুমায়ুন?
বিজয় মিছিল প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন, অনুমতি ছাড়া কোনও রকম মিছিল করা যাবে না। তাঁর বক্তব্য, জেলা নির্বাচনী আধিকারিকদের অনুমতির উপরই নির্ভর করবে বিজয় মিছিলের আয়োজন। সংশ্লিষ্ট জেলার জেলা শাসক বা ডিএম অনুমতি দিলে তবেই রাজনৈতিক দলগুলি মিছিল করতে পারবে, অন্যথায় নয়।
উল্লেখযোগ্যভাবে, রাজ্যে ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। দুই দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় কোনও অশান্তি হয়নি। গণনার দিনও প্রতিটি কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন।

আরও পড়ুন: ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে নয়া উদ্যোগ পুলিশের! কিউআরটি ভ্যানে লাইভ ক্যামেরা সহ থাকছে GPS
তবে রাজ্যে নির্বাচনের ফল (West Bengal Election) ঘোষণার পর পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেই বিষয়ে বিশেষ সতর্ক কমিশন। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, বিজয় উদযাপনে আলাদা করে নিষেধাজ্ঞা না থাকলেও শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ কোনও ধরনের উচ্ছ্বাস প্রদর্শন না করাই ভালো। যদি কোনও দল বিজয় মিছিল করতে চায়, তাহলে আগে থেকে অনুমতি নিতে হবে, নচেৎ তা আইনবিরুদ্ধ বলে গণ্য হবে।













